স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
পাঁচ দিন ধরে সারা দেশের মতো বিনোদন অঙ্গনের তারকাদেরও ছুঁয়েছে সিলেটের বন্যাকবলিত মানুষের কান্না। এবার সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী মনির খান।
মনির খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগাপ্লুত ও মর্মাহত হয়েছি। দেশের নেতৃস্থানীয় অনেকেই বানভাসি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তাঁর সামান্য অংশীদার হতে চাই।’
বেশ কয় বছর ধরে মনির খান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো প্রকাশ করেন। মঙ্গলবার (২১ জুন সন্ধ্যা ৭টায় তাঁর গাওয়া ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের।
মনির খান স্ট্যাটাসে লেখেন, ‘গানটি থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্বশরীর সিলেটে পানিবন্দী মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ বলে। তবে পর্যাপ্ত অর্থ থাকলেও তা সব সময় যথাযথ কাজে আসে না, খাবার ও বিশুদ্ধ পানির সংকট সে কথাই আজ জানান দিচ্ছে।’
