বন্যার্তদের পাশে তাহসান খান, গঠন করছেন তহবিল

সিলেট-সুনামগঞ্জের বন্যা গোটা দেশের জন্যই দুর্যোগ। তাই যে যার অবস্থান থেকে ওই অঞ্চলের মানুষকে সহযোগিতা করছেন। তারকারাও পিছিয়ে নেই। ইতিমধ্যে একাধিক তারকা নিজের পক্ষ থেকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।

এদিকে গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খানও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তিনি একটি তহবিল গঠনের মাধ্যমে বড় পরিসরে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১৮ জুন) ফেসবুকে তাহসান লেখেন, সিলেটের বন্যাকবলিত মানুষের জন্য যেসব উদ্যোগ নেওয়া শুরু হয়েছে, সেসব উদ্যোগের লিংক এই স্ট্যাটাসের মন্তব্য সেকশনে শেয়ার করতে পারেন।

তাহসান শেয়ার করেছেন, ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’ দেশের যেকোনো বিপর্যয়ে, দুঃসময়ে টের পাই, বিপর্যস্ত-অসহায় মানুষের পাশে আসলে মানুষকেই দাঁড়াতে হয়। এগিয়ে আসতে হয় যার যার সাধ্যমতো। দুবছর আগে করোনার ভয়াবহ বাস্তবতায় ‘দেশ আমার দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে ‘সমন্বয়’ নামের গ্রুপটি খোলা হয়েছিল। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল সমন্বয়ের। আগ্রহী যে কেউ স্বাগত এই গ্রুপে। আগেও একবার বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সাড়া পেয়েছিলাম অভাবনীয়। সেই সাহসেই দ্বিতীয়বার দাঁড়াই করোনায় বিপর্যস্ত মানুষের পাশে।

তিনি বলেন, এবার সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশেও দাঁড়াবে সমন্বয়। যাঁরা সমন্বয়ের ওপর ভরসা করবেন, সমন্বয়ের এই উদ্যোগকে সমর্থন করবেন, সবাই সমন্বয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনুদান দিন। আপনাদের দেওয়া অনুদান আগামী ৫ জুলাই সমন্বয় টিম পৌঁছে দেবে বন্যাদুর্গত অভাবী মানুষের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *