সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। দুই জেলায় বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। দেখা দিয়েছে শুকনো খাবার ও খাওয়ার পানির সংকট।
শুধু তাই নয়, গৃহপালিত পশু নিয়েও বিপাকে পড়েছে মানুষ। এমন পরিস্থিতি নাড়া দিয়েছে অনেককে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে, সে অঞ্চলে কীভাবে সাহায্য করা যায় এমন নানা পোস্টও। ব্যক্তি পর্যায়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।
তেমনই বন্যাদুর্গতদের সাহায্যের ঘোষণা দিলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল।
শনিবার রাতে নিজেই ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই এ ঘোষণা দেন তিনি। বলেছেন, এবার দশ-বারোটা গরু কোরবানি না দিয়ে সেই টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবেন।
অনন্ত জলিল বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো।
শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না।
আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।
