সবাই অন্তত একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ঢাকা: পরিবেশে রক্ষায় আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরে দেশবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৫ জুন) গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। গণভবন চত্বরে ছাতিম সফেদা ও হরিতকির চারা রোপণ করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান। শহরে যারা থাকেন তারা ব্যালকনিতে ছোট একটা গাছও লাগাতে পারেন। সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। কারণ এটাই আমাদের লক্ষ্য।

শেখ হাসিনা আরও বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে। কক্সবাজার উপকূলে ঝাউবন জাতির পিতার নির্দেশে গড়ে তোলা হয়। ১৯৯৮ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় সেই ঝাউবন বিশ্ব ঐতিহ্যে স্থান পায়।

পরে ‘সেরা বৃক্ষ রোপণকারী ২০২১’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় কৃষকলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *