অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী ১৭ জুন সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছবিটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেকে উজাড় করে দিয়েছে। আশা করি দর্শক হলে যাওয়ার পর কিভাবে সময় পার হয়ে যাবে সেটা বুঝতে পারবে না।’
চিত্রনায়িকা বুবলী বলেন, ‘একটি সমসাময়িক সিনেমার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। সবাই অনেক ভালবাসা নিয়ে কাজ করেছে। যারা জীবনে প্রেমে করেছেন, প্রেম করে সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন তাদের সবার জন্য এই সিনেমাটি। এছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে সিনেমাটি খুব ভাল লাগবে। দর্শকদের আহ্বান করবো প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুন। সিনেমা দেখে ভাল লাগলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। যদি ভাল না লাগে তাহলে গঠনমূলক সমালোচনা করুন।’
‘তালাশ’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, ‘এই সিনেমার নায়রা চরিত্রটি আমার অনেক কাছের। এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে সর্বাত্মক চেষ্টা করেছি। আশা করি নায়রা দর্শকদের হৃদয় ছুয়ে যেতে পারবে।’
‘তালাশ’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ। তাকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে। ’
‘তালাশ’ দেখতে প্রেক্ষাগৃহে এসে দর্শকদের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন আলোচিত এই নায়িকা।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।
