পদ্মা সেতু ব্যবহারকারী ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করল সরকার

ঢাকা: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২৫ জুন উদ্বোধনের পর এসব বাস পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মা সেতুর টোল সমন্বয় করে ভাড়া ১০ থেকে ১১ টাকা বাড়ানো হবে।

বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এই বিজ্ঞপ্তি ৭ জুন বিআরটিএর ওয়েবসাইটে আপলোড করা হয়।

গত মাসে পদ্মা সেতুর টোল রেট নির্ধারণের পর এ পদক্ষেপ নিলো বিআরটিএ।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফলে ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে নতুন ভাড়া প্রযোজ্য হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সরকার টোল আরোপ শুরু করলে বাস ভাড়া আবারও বাড়তে পারে।

এদিকে নতুন এই ভাড়া অন্যান্য আন্তঃজেলা টার্মিনালের বাসের জন্য নয়, শুধু ঢাকার সায়দাবাদ থেকে চালু হওয়া বাসের জন্য প্রযোজ্য হবে।

স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটের ভাড়া ৪১২ টাকা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটে ভাড়া হবে ৫০৪ টাকা। ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা।

ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটের ভাড়া হবে ২১৮ টাকা। অন্যদিকে ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া হবে ৬২৮ টাকা।

ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা। ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা এবং ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া হবে ৬৩৩ টাকা।

অন্যদিকে ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চরফ্যাশনের ভাড়া ৬৫৩ এবং ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা।

ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটের ভাড়া ৬৯৪ টাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *