আর আইটেম সং করবেন না বিপাশা কবির

মডেলিং ও অভিনয় দিয়ে মিডিয়ায় কাজ শুরু করলেও সিনেমায় আইটেম সংয়ে অভিনয় করে আলোচনায় জায়গা করে নেন বিপাশা কবির।

আইটেম সংয়ে তার উপস্থিতি মানেই নতুন কিছু সংযোজন। তবে সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর কোনো সিনেমায় আইটেম সংয়ে পারফর্ম করবেন না।

এ প্রসঙ্গে বিপাশা কবির বলেন, আমি সিনেমায় একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। তাই আইটেম সংয়ে আর পারফর্ম করতে চাই না। আমি অভিনয়ের দিকে মনযেডাগ দিচ্ছি। শিগগিরই আমার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন নতুন পথচলায় সফল হতে পারি।

বিপাশা কবির অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে আকাশ আচার্য্য পরিচালিত ‘পরাণে পরাণ বান্ধিয়া’। তবে শিগগিরই তার অভিনীত দু’টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি হলো কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ এবং অন্যটি হলো রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলে জানান তিনি।

বিপাশা কবির এখন থাইল্যান্ডে ভ্রমণ করছেন। গত ২৪ মে দেশটিতে পৌঁছান তিনি। কোলাহল থেকে দূরে নীল সমুদ্র ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই এই সফর বিপাশার।

বিপাশা বললেন, এবারের সফরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছিল বলতে পারেন। কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। এখানে এসে প্রাণ ভরে নিশ্বাস ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। নতুন কাজের জন্য এনার্জি সঞ্জয় করলাম। পাতায়াতে খুব ভালো সময় কাটিয়েছি আমি। যতোগুলো দেশ ঘুরেছি তার মধ্যে থাইল্যান্ড খুব প্রিয়।

তিনি আরও বলেন, দেশে ফিরেই নতুন প্রোজেক্টের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। ওয়েব সিরিজে কাজের কথা চূড়ান্ত রয়েছে। গল্প ও চরিত্র ভালো লেগেছে। এখন থেকে চলচ্চিত্রের বাইরে ভালো গল্প পেলে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *