Home জলবায়ু ও পরিবেশ টানা ৩ দিন সারা দেশে বৃষ্টির আভাস

টানা ৩ দিন সারা দেশে বৃষ্টির আভাস

0
239

ঢাকা: সারা দেশে আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের পর বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

বৃহস্পতিবার (০২ জুন) অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘এখন থেকে পরবর্তী তিন দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি পড়ার প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে।’

তাপমাত্রা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘তাপমাত্রা এখন এমনিতেই কম আছে, তবে ভ্যাপসা গরম থাকবে।’

২৪ ঘণ্টার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here