ঢাকা: রাজধানীতে ভ্রমণপিপাসু মানুষের অন্যতম পছন্দের জায়গা হাতিরঝিলে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দুইজন। তার মধ্যে শাহিন নামে একজন ঘটনাস্থলেই আর মারা গেছেন। অন্যজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পর।
সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া অন্যজনের নামপরিচয় কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কোচ বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খায়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শাহিন নামে ওই যুবক মারা যান। আর অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে পরে তিনিও মারা যান। তার বয়স ২৫ বছর।
তিনি আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে মৃত্যু হওয়া যুবকের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
