বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এ কথা মানতেই পারি না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যেভাবে গালিগালাজ করা হয়, তাতে আমার বড় খারাপ লাগে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন, এ কথা তো মানতেই পারি না। তিনি (জিয়াউর রহমান) যদি বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকেন, তাহলে তার বিচার করা হোক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা নন, এটা তো বলা যায় না। এমনটা হচ্ছে, কেননা আমরা একজন অন্যজনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি।’
মঙ্গলবার (১৭ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ শুধু শেখ হাসিনাকে চায় না তা নয়, জনগণ অনদেরও চায় না। সেটা খালেদা জিয়াকে বলা যেতে পারে, তারেক রহমানকে বলা যেতে পারে। একটু বদল হওয়া দরকার, সেটা এখন পর্যন্ত হয়নি। যেদিন থেকে মানুষ আমাদের বিশ্বাস করা শুরু করবে, ডাকে সাড়া দেবে, সেদিন শেখ হাসিনার কিছুই থাকবে না। তবে শেখ হাসিনাকে সরিয়ে আমি খালেদা জিয়াকে মানতে চাই না, তারেক রহমানকেও মানতে চাই না। আমি তাকে (শেখ হাসিনা) সরাতে চাই, তার কর্মকাণ্ডের জন্য। কথা দিয়ে কথা না রাখার জন্য, মানুষকে মনে না রাখার জন্য। আমরা এমন একটি সরকার চাই, যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে।’
বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, জনগণকে সম্পৃক্ত করতে না পারলে এই আন্দোলনে সফলতা আসবে না। তাই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে এবং মহাসচিব মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বিপিপির পারভীন নাসের খান ভাসানী, অ্যাডভোকেট জসীম উদ্দিন, রানী শেখ প্রমুখ।
