সম্প্রতি কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। বিগত তিন বছর করোনা পরিস্থিতির কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন হয়নি। তবে এবার বেশ ঘটা করেই তিন বছরের পুরস্কার প্রদানের অনুষ্ঠানটা আয়োজন করা হয়।
২০১৯ থেকে ২০২১ এর জন্য কলকাতার ও ঢাকার শিল্পীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে ২০১৯ সালের সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন সাকিব সনেট। ‘নোলক’ ছবির জন্য তিনি এই পুরস্কার পান।
অন্যদিকে একই ছবির জন্য ২০১৯ এর সেরা চিত্রনায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন ববি হক। একই ছবির জন্য সেরা গায়িকার পুরস্কারও পেয়েছেন তাসনিম আনিকা। সেরা ছবিও নির্বাচিত হয়েছে ‘নোলক’। সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান ও ববি হক।
এবার এ কাজটির জন্য স্বীকৃতিস্বরুপ পুরস্কার প্রাপ্তিতে সাকিব সনেট বলেন, সুন্দর একটি আয়োজনের মধ্যে দিয়ে টেলিসিনে পুরস্কার প্রদাণ করা হয়েছে কলকাতা ও ঢাকার শিল্পীদের। এরমধ্যে ‘নোলক’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলাম। মোট চারটি পুরস্কার পেয়েছে আমার এ ছবি। সব মিলিয়ে পুরস্কার প্রাপ্তিতে কাজের উৎসাহটা আরও বেড়ে গেলো।
এদিকে চিত্রনায়িকা ববি হক বলেন, টেলিসিনে পুরস্কারে গুণী সব শিল্পীদের মধ্যে পুরস্কার পাওয়াটা বড় বিষয়। খুব ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে এর প্রতিদান দেয়ার।
এদিকে জানা গেছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ করেই দেশে ফেরার কথা ছিল ববির। কিন্তু আপাতত কয়েকটা দিন সেখানেই থাকবেন তিনি।
সূত্রের খবর, কলকাতায় নতুন কাজের ব্যাপারে কথা চলছে ববির। বর্তমানে দেশেও বড় বাজেটের কয়েকটি ছবির প্রোজেক্ট রয়েছে নায়িকার। সময় সুযোগ মিললে টালিউড ইন্ডাস্ট্রিতে দেখা যাবে তাকে।
