পৌর মেয়রের গোডাউন থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার মৌখাড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অবৈধভাবে সয়াবিন মজুদের অভিযোগে ও বোতলজাত সয়াবিন তেল খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রির অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পাশের মামুন স্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও নয় কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।

র‍্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার-নির্ধারিত ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।

নয়ন ডির্পাটমেন্টাল স্টোর ও বনপাড়ার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, তেল মজুতের বিষয়টি আমি জানতাম না। দোকানের ম্যানেজার সবুজ হোসেন এসব করেছে। মেয়র হওয়ার পর দোকানের দায়িত্ব ম্যানেজার সবুজ হোসেনকে দিয়েছি। কোনো খোঁজ-খবরও রাখতে পারি না। আমি ব্যবসা ছেড়ে দেবো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নাটোরে এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *