নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পিক-আপ চাপায় মোটরসাইকেল আরোহী সজিব মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুসুল্লি তারেরঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। সজিব মিয়া মুশুল্লী গ্রামের সুকন মিয়ার ছেলে। সে স্থানীয় মুসুল্লি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সজিব নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ সদরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে সজিব মিয়া ছিটকে মহাসড়কের উপর যায়। ওই সময় একটি দ্রুতগামী পিক-আপ তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানতে পেরেছি একজন মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *