অবশেষে মধ্যরাতে সেই মা-ছেলেকে ছেড়ে দিলো পুলিশ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনে থাকা সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার মধ্যরাত ১২টার দিকে কলাবাগান থানা থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়।

কলাবাগান এলাকার একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সোচ্চার ছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য।

রোববার সকালে ওই মাঠে ইট-সুরকি ফেলা হলে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন সৈয়দা রত্না। এক পর্যায়ে সকাল ১১টার দিকে তাঁকে আটক পরে পুলিশ। পরে তাঁর কলেজপড়ুয়া ছেলেকেও ধরে নেওয়া হয়।

দিনভর মা–ছেলেকে থানায় আটকে রাখা হয়। তাঁদের আটকের খবর পেয়ে দুপুর ২টার দিকে ওই মাঠে যান মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূরসহ কয়েকজন।

পরে রাতে মা–ছেলের মুক্তি দাবিতে মানবাধিকারকর্মী ও উদীচীর নেতা–কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা জড়ো হন কলাবাগান থানার সামনে। সৈয়দা রত্না ও তাঁর ছেলের মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে ‘হে পুলিশ আমার মা কই’, ‘পুলিশ আমার বোন কোথায়’, ‘পুলিশ আমার ভাই কোথায়’, ‘মাঠ দখল করে থানা চাই না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র পাল বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৈয়দা রত্না ও ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি কাজে তারা আর বাধা দিবেন না এই অঙ্গীকারে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *