রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকা কলেজে অভিযান চালিয়ে অন্তত ১০ জনকে আটক করেছে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে অভিযান চালানো হয়। কিছুক্ষণ আগে পরে র্যাব ও ডিবি অভিযান চালায়।
ঢাকা কলেজের নর্থ হলের শিক্ষার্থী মোহাম্মদ রফিক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০ জনকে তুলে নিয়ে গেছে র্যাব ও ডিবি। এ সময় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহির হাসান জুয়েলকেও আটক করা হয়। তিনি হিসাববিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।
র্যাবের একটি সূত্র জানায়, চাঞ্চল্যকর সংঘর্ষের ঘটনায় র্যাব কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞেস করা হবে।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, যেহেতু নাহিদ ও মোশারফ হত্যাকাণ্ডের মামলা দুটি ডিবি তদন্ত করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে নানা জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। অনেক জায়গা থেকে অনেককে আটক করে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযান হয়েছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের নাম বলা সম্ভব না।’
