মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রোববার (১৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নাটোর উপজেলার কান্দিভিটা গ্রামের আবুল হোসেনের স্ত্রী সুলতানা রিজিয়া (৬৫) ও মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে সোলায়মান হোসেন (১৭)। সোলায়মান মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ জানায়, রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা একটি বাস উপজেলার নতুন বাইপাস এলাকায় নাটোরগামী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুলতানা রিজিয়া নামের বৃদ্ধার মৃত্যু হয়।
জানতে চাইলে গোড়াই হাইওয়ে থানার এস.আই রফিক জানান, ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের বাইমহাটি এলাকায় সিএনজিকে অতিক্রম করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র সোলায়মানের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় সাথে থাকা চালকসহ দুজন কলেজছাত্র রাকিব ও মেহেদী গুরুতর আহত হলে তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার এস.আই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কলেজছাত্রের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
