গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৫

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালককে জবাই করে হত্যার ঘটনায় ৫ জন আসামিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে হত্যা মামলা দিয়ে ৫ আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিহত অটোরিকশা চালক হলেন- সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলদিয়ার এলাকার কাঙ্গাল প্রামানিকের ছেলে মনিরুল ইসলাম (২৩)।

গাজীপুরের কালিয়াকৈরে হাত-পা ও মুখ বেঁধে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। পরে তারা নিহতের লাশ একটি নির্জন স্থানে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

অটোরিকশা চালক মনিরুল জীবিকার সন্ধানে তার পরিবারের লোকজন নিয়ে গাজীপুরে আসেন। তিনি কোনাবাড়ি থানার আমবাগ এলাকার রমজানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার ৩ বছরের মনিরা আক্তার ও ১১ মাসের বৃষ্টি আক্তার নামে দুটি কন্যা সন্তান আছে।

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মনিরুল। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। শুক্রবার বিকালে কালিয়াকৈর উপজেলার বরাবহ এলাকায় বনবিভাগের নির্জন স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখ বাঁধা জবাই করা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে। ওই খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মনিরুলের লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহতের বাবা কাঙ্গাল প্রামানিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশনায় মৌচাক ফাঁড়ির ইনর্চাজ সাইফুল ইসলামের নেতৃত্বে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মূলহোতা শান্ত, সুমন, শাহীন, লিপন, আলমকে গ্রেফতার করা হয়েছে।

৫ জন আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা ও জবাই করা ছুরি জব্দ করা হয়।

কালিয়াকৈর থানার (মৌচাক পুলিশ ফাঁড়ির) ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, গাজীপুর পুলিশ সুপারের নির্দেশনায় অটোরিকশা চালককে জবাই করে হত্যার ঘটনায় মূলহোতাসহ ৫ জন আসামিকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *