সিন্ডিকেটের সঙ্গে সরকারের এমপি-মন্ত্রীরা জড়িত: মির্জা ফখরুল

মানিকগঞ্জ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিত্যপণ্যের বাজারে আগুন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ এই সরকারের তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। সরকারই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী, এমপিরা জড়িত।’

বুধবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জে বিএনপি’র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতি সর্বমহলে ক্যান্সারের মত ছড়িয়ে পড়েছে। এত বড় দুর্নীতি আমরা আগে কখনো দেখিনি। পরিকল্পিতভাবে সরকার এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তাও করে না। তাদের কথাবার্তা শুনলে মনে হবে না এই দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা আছে।

বাজার ব্যবস্থা টালমাটাল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকার শুধু উন্নয়ন দেখাচ্ছে। এদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। রোজগার করে দুবেলা খাওয়াই কষ্টসাধ্য হয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের আর কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে এটা হবে না।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সময় ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা দেওয়া হয়েছে। ৬শর অধিক নেতা-কর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।’

জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জামিলুর রশিদ খান, সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এবং খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *