সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।
গত সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন বলে বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিসয়ে জানতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।
তবে এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তার বলেন, এটা পরিবারের বিষয়, আমাদের সঙ্গে শেয়ার করেনি।
গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগের মতোই বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে। তিনি আগের মতোই আছেন।
