জয়া আহসান। কলকাতার ইন্ডাস্ট্রিতে বেশ শক্ত একটি জায়গা করে ফেলেছেন। সেখানে টানা কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এবং নতুন নতুন চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন তিনি।
বর্তমানে জয়া ব্যস্ত রয়েছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ নামের একটি সিনেমা নিয়ে। সিনেমার প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময় নিয়ে, এতে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী।
সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির শেষ লটের কাজ। জয়া জানান, ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জে এ সিনেমার জোরকদমে শুটিং চলছে। এ মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে যাবে।
কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ সিনেমায় উঠে আসবেন অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর গল্প। সঙ্গে আরও আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না।
সিনেমাটি ঘোষণার সময় পরিচালক বলেছিলেন, ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করবো সিনেমায়।
ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে কালান্তর এর গল্প। এতে আরও অভিনয় করছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়।
এর আগে জয়া সৌকর্যের পরিচালনায় ভূতপরী ও ওসিডিতে অভিনয় করেছেন। এই দুটি ছবিও সফলতার সঙ্গে শেষ করেন।
এদিকে, কলকাতার ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছেন জয়া। তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘বিনিসূতোয়’।
অতনু ঘোষ পরিচালিত এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এ সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়ার সঙ্গে রয়েছেন ওপার বাংলার অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্যায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকা।
এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। তারও আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি।
অন্যদিকে, ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন জয়া।
