জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘মধ্যরাতে অভিযান চালিয়ে তামিম আহমেদ স্বপনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃত তামিম আহমেদ স্বপন (২৫) উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে।
উল্লেখ্য, জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার স্কুলছাত্রী আশা মনি চিরকুটে ধর্ষকের নাম লিখে আত্মহত্যা করে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে স্কুল যাওয়ার পথে বখাটে স্বপন তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের গ্রামের এক বাড়িতে আটকে ধর্ষণ করে। বিকেলে বাড়ি ফিরে চিরকুটে ধর্ষকের শাস্তি দাবি করে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ওই স্কুল শিক্ষার্থী।
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে মেলান্দহ থানা ঘেরাও করে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।





