আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মহামারি থেকে এখনো বের হতে পারেনি গোটা বিশ্ব। টিকা দেওয়ার পর অনেক দেশে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই চীনের একটি শহরে আরাব সংক্রমণ বাড়তে শুরু করেছে। এতে করে সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন।
আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে।
করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।
চীনা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, যেকোনো প্রদেশ বা শহরে করোনা ভাইরাসের একাধিক রিপোর্ট পাওয়া গেলে সেখানে লকডাউন জারি করা হবে। করোনা ভাইরাস মহামারি নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব পদক্ষেপ নির্দিষ্ট করা হয়েছে।
চলতি সপ্তাহে চীনে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম। তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশরও নিচে।
সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।
