বছর শুরুতেই একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন ওপার বাংলার অভিনেতা-সাংসদ দেব ও তার প্রেমিকা-অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দু’জনই ভাইরাসটি মুক্ত হয়ে বেড়িয়ে পড়লেন ভিনদেশে।
সম্প্রতি মালদ্বীপে পাড়ি দিয়েছেন দেব ও রুক্মিণী। তবে এবার সঙ্গে আছেন রুক্মিণীর মাও। হবু শাশুড়ির ৬০তম জন্মদিন উদযাপন করতেই তাকে নিয়ে এই ভ্রমণ দেবের।
এ বিষয়ে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরে একটি-দুটি করে ছবি পোস্ট করে যাচ্ছেন রুক্মিনি-দেব। তবে একসঙ্গে নয় আলাদা আলাদা। যার মধ্যে একটি ছবিতে পানীয়র গ্লাস হাতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন রুক্মিনি। এখানে ব্যকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশন বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা আনন্দিত। অন্যদিকে দেবের ছবির ব্যাকগ্রাউন্ডে একই দৃ্শ্য দেখা যায়।
এবারই প্রথম নয়, গত বছরও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা। এরপর একই বছর আইসল্যান্ডে ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন।
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।
