এবার নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

ডুবে ডুবে জল খাচ্ছিলেন অনেকদিন ধরেই। এ নিয়ে নানা জল্পনা গজিয়ে ডালপালা মেলছিল। তবে এবার রাখঢাক না রেখে প্রকাশ্যেই একসঙ্গে দেখা দিলেন তারা।

বলছি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তার নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর কথা। গত বছরের শুরুর দিকেই নাকি তারা সম্পর্কে জড়িয়েছেন। বসবাসও করেন একই আবাসনের পাশাপাশি অ্যাপার্টমেন্টে। তবে সেভাবে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি তাদের।

বৃহস্পতিবার (৩ মার্চ) মুছে গেল সব গুঞ্জন। পারিবারিক পূজার আয়োজনে একসঙ্গেই দেখা গেল শ্রাবন্তী-অভিরূপকে। সেই ছবি শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনিও ছিলেন ওই আয়োজনের আমন্ত্রিত অতিথি।

ভারতীয় গণমাধ্যম জানায়, নিজের বাড়িতে বড় পরিসরে কালী পূজার আয়োজন করেন শ্রাবন্তী। সেখানেই তাকে সার্বিক সহযোগিতা করেছেন প্রেমিক অভিরূপ। পাশাপাশি যখন বসে ছিলেন, তখন ক্যামেরার লেন্স ঠিকই বন্দী করে নিয়েছে তাদের। সেই ছবি হুড়মুড় করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যায়, সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। গালে ও ঠোঁটে ন্যুড ব্লাশার ও লিপস্টিক। অন্যদিকে, পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ। এ ছবি নিয়ে জোর জল্পনা চলছে নেটিজেনদের মাঝে। নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই টলিউড সুন্দরী?

শোনা যাচ্ছে, প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি আংটি বদলও হয়ে গিয়েছে তার। টলিপাড়ার খবর, সম্প্রতি প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন এই অভিনেত্রী। দুবাই ভ্রমণের ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। তবে সেখানে শ্রাবন্তী- অভিরূপকে একসঙ্গে দেখা যায়নি।

অভিনেত্রী আর ব্যবসায়ীর প্রেমের রসায়ন টলিপাড়ায় খুব পরিচিত বিষয়। তবে ব্যবসায়ী অভিরূপ শ্রাবন্তীর পড়শি। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। ফলে প্রেম জমতে খুব বেশি সময় লাগেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *