মীরসরাইয়ে পার্কে বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন সংলগ্ন সোনাপাহাড় এলাকার উদ্যোগে বিনোদনের জন্য গড়ে ওঠা আরশি নগর ফিউচার পার্কের কিছু বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিরা এবং স্থানীয় জনসাধারণ একত্রিত হয়ে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে তারা এই মানববন্ধন করেন।

পার্কের বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদ জানাতে এই মানববন্ধনের আয়োজন করেছেন বলে জানান মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসী।

এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, আরশি নগর ফিউচার পার্কটি যেখানে নির্মাণ করা হয়েছ সেটা ৭নং ওয়ার্ডস্থ বিশ্বরোড নূরানী জামে মসজিদ এবং বিএসআরএম সংলগ্ন দু’টি মসজিদের পাশে। পার্কে নিয়মিত চলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ড বক্স লাগিয়ে গান-বাজনা করা হয়।

ফলে নামাজের সময় কিংবা ইবাদতের পূর্ব মূহুর্তের সময় গুলোতে বাদ্যযন্ত্রের উচ্চ শব্দে এবং পার্কে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানে গাওয়া শিল্পীদের গানের সুরে মসজিদ গুলোতে নামাজ আদায়সহ ধর্মীয় কাজ সম্পাদনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া রাত্রি বেলায় এই গান বাজনার শব্দের কারণে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত করছে বলে তাদের অভিযোগ।

মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এবং মুসল্লিদের দাবী তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে-এলাকার জনপ্রতিনিধি এবং মীরসরাইয়ের সাংসদ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এই অপকর্মগুলো যেন অচিরেই বন্ধ করা হয়। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, পার্ক কর্তৃপক্ষ এবং ইউপি সদস্য ও চেয়ারম্যানকে একাধিকবার জানালেও কোন প্রতিকার না পাওয়ায়, আমরা আজ মানববন্ধন করেছি।

এবিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর ইসলাম শাহীন বলেন, পার্কের বিতর্কিত কিছু বিষয় নিয়ে জনসাধারণ আমাকে জানিয়েছিল। আমি পার্ক কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্তৃপক্ষ এর সুরাহা করেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে অবগত করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পার্কের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন দিদার বলেন, তাদের অভিযোগের বিষয়ে আমাকে ইতিপূর্বে কেউ কোন কিছু জানায়নি। তাদের অভিযোগ সত্য নয়। আমাদের এখানে নামাজের সময় কোন ধরনের গান-বাজনা হয় না। তারা কেন মানববন্ধন করেছে, তা আমার জানা নাই। তবে মানববন্ধনকারীগণ বহিরাগত বলে আমি জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *