স্পোর্টস আপডেট ডেস্ক: ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের যেকোনো খেলাধুলারই খবরাখবর রাখার চেষ্টা করেন তিনি। বিশেষ করে ক্রিকেট দলের প্রায় সব ম্যাচই টিভিতে কিংবা মাঠে উপস্থিত থেকে দেখার চেষ্টা করেন তিনি।
ব্যতিক্রম হয়নি আজও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার ম্যাচটি টিভির সামনে বসে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগাররাও হতাশ করেননি প্রধানমন্ত্রীকে। ৩০৬ রান করে আফগানিস্তানকে হারিয়েছে ৮৮ রানের বড় ব্যবধানে।
পুরো ম্যাচে অন্তত পাঁচবার তিনি ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেঞ্চুরিয়ান লিটন দাস ও ফিফটি করা মুশফিককেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
প্রথম ম্যাচের মত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেছেন পাপন। খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’
ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে দারুণ একটি ক্যাচ ধরেন পরিবর্তিত ফিল্ডার মাহমুদুল হাসান জয়। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মুজিব-উর রহমানের শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। সেটি লুফে নিয়ে বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিলেন জয়। পরে তা হাওয়ায় ভাসিয়ে নিজের ভারসাম্য ফিরিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দী করেন তিনি।
উল্লেখ্য, আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে স্কোর বোর্ডে ৩০৬ রানে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এটি আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম তিনশ পার করা পুঁজি। ৩০৭ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে অল আউট হয় আফগানরা। এর মধ্য দিয়ে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজটিও নিজেদের করে নিল টাইগাররা।
