ঢাকা: করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল চারটা ৪৫ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিকা নিতে বুধবার বিকাল সোয়া চারটার দিকে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।
এর আগে, গত বছরের ১৮ আগস্ট ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গত ১৯ জুলাই আমেরিকার তৈরি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
