আবার বৃষ্টির সম্ভাবনা

বাংলা তারিখে আজ ৯ ফাল্গুন, বসন্তকাল। হালকা ঠান্ডা অনুভূতি থাকলেও বিদায় নিয়েছে শীতকাল। আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের শেষে আবার বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকায়। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা আছে।

গত রোববার বিকেলে রাজধানীর সর্বত্র বৃষ্টি হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে হালকা। এর ফলে তাপমাত্রার তারতম্যে হেরফের তেমন হবে না।

তরিফুল নেওয়াজ বলেন, এ মাসে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই।

তাপমাত্রার তথ্যে অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *