আজ থেকে বিধিনিষেধ শেষ, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানও

ঢাকা: ৩৯ দিন পর করোনার বিধিনিষেধহীন প্রথম দিন শুরু হয়েছে আজ। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর ছিল এ বিধিনিষেধ। তবে বিধিনিষেধ উঠে গেলেও মাস্ক পরতে রয়েছে সরকারের নির্দেশনা।

এর আগে গত ১০ জানুয়ারি সারা দেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিল।

এরপর গত ৩ ফেব্রুয়ারি বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রোববার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে।

এদিকে, করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর আজ খুলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণিকক্ষে অংশ নেবে শিক্ষার্থীরা। আর ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।

অবশ্য প্রাথমিকের ছুটি ১ মার্চ পর্যন্ত বাড়ানোয় এসব বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে এ বিষয়ে ২০ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *