কতদিন থাকবে সারাদেশে এমন বৃষ্টি?

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা চলতে পারে আরও দু’দিন।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নাগাদ বৃষ্টিপাতের উন্নতি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় ফের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ১২ মিলিমিটার। এছাড়া অন্যান্য স্থানেও হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *