শাহবাগে ফুল কিনে ফেরার সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঢাকা- রাজধানীর শাহবাগের মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

দিপুকে নিয়ে আসা মাহবুব জানান, নিহত ব্যক্তি আজকে বিক্রির জন্য ফুল কিনতে শাহবাগে আসেন। ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, নিহত দিপু যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার মৃধাবাড়ি নানীর বাড়িতে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *