জমি দখল করিনি, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নিজ জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি ও ক্লিনিক দখল করেন জায়েদ খান। এর সঙ্গে জড়িত আছেন জায়েদ খানের ভাই ওবায়দুল হক পিন্টু ও শহীদুল হক মিন্টু।

এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন চিত্রনায়ক জায়েদ খান। এক ভিডিও বার্তায় জায়েদ বলেন, যে বিষয়টা আজ দেখলাম তা খুবই দুঃখজনক ও হাস্যকর। যারা নির্বাচনে আমাকে হারানোর জন্য হত্যা মামলার আসামি করতে চেয়েছিল তারাই আজ প্রেসক্লাবে এসব করিয়েছে। একটা পরিবারকে টাকা দিয়ে পিরোজপুর থেকে এনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমি হিন্দু পরিবারের ক্লিনিক দখল করেছি।

জায়েদ আরও বলেন, ওই ক্লিনিক বা জমি কোনো কিছুর সঙ্গেই আমার সম্পর্ক নেই। আমার আপন মেজো ভাই ওই ক্লিনিকের অর্ধেকের মালিক। বাকি অর্ধেক কেনার জন্য ওই পরিবারকে টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু তারা জমি রেজিস্ট্রি না করে দিয়ে আমাদের ঘুরাচ্ছে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান আছে। ওই জমির মালিকানা নিয়ে আমার ভাই ও তাদের নিজস্ব সমস্যা এটি। এর সঙ্গে আমার কিছুই জড়িত নেই। সেখানে ইচ্ছে করে আমাকে জড়িত করা হচ্ছে। মানুষ কতটা নীচু হতে পারলে এ কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *