পাস করেছি তাতেই আমি খুশি: দীঘি

উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পার হলেন হালের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে (ইংরেজি ভার্সন) এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৭৫ পেয়েছেন তিনি।

ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীঘি বলেন, ‘করোনার মধ্যে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার পরিবারের লোকজন খুব খুশি।’

তিনি বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল না। ধরেই নিয়েছিলাম, রেজাল্ট এ রকমই হবে। সত্যি বলতে, আমার কোনো প্রত্যাশাই ছিল না। রেজাল্ট যা-ই হোক, এটা আমি পরীক্ষা দিয়ে পেয়েছি। এই ফল এখন আমি উপভোগ করছি।’

পরীক্ষার ফল হাতে পেয়ে প্রথম বাবাকে জানিয়েছেন দীঘি। মেয়ের ফল জেনে বাবা অভিনেতা সুব্রতও খুশি। দীঘি বলেন, ‘বাবাকে ছাড়া প্রথম কাকে জানাব? বাবাই আমার সব। বাবা খুশি। যেটা হয়ে গেছে, সেটা আমরা বদলাতে পারব না। এই নিয়ে আমার মন খারাপের কিছু নেই।

ঢাকাই সিনেমার তারকা জুটি সুব্রত-দোয়েলের মেয়ে দীঘি ২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল থেকে জিপিএ ৩.৬১ পেয়ে কলেজে ভর্তি হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে চান।

দীঘি বলেন, ‘ইচ্ছা আছে দেশের মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করবো। কোথায় ভর্তি হবো কয়েকদিনের মধ্যে পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করবো। সবার কাছে দোয়া চাই। সামনে কয়েকটা কাজ করবো। সেজন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিনের মধ্যে জানতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *