এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফল ঘোষণা করেন।
এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা পূজা চেরি। তিনি পেয়েছেন জিপিএ- ৪.০৮। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
পরীক্ষার ফলাফল নিয়ে শঙ্কায় ছিলেন পূজা। সারারাত ঘুম হয়নি দুশ্চিন্তায়। পরীক্ষার আগে করেছেন সিনেমার শুটিং। ভেবেছিলেন টেনেটুনে পাস করবেন।
পূজা বলেন, ‘দুশ্চিন্তায় আমি গত রাতে কিছুই খেতে পারিনি। এমন রাত আমার জীবনে কখনো আসেনি।’
পূজা আরও বলেন, ‘পরীক্ষার আগে “গলুই” সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সেই সময় শুটিংয়ে আমাদের লম্বা সময় জামালপুরে থাকতে হয়। আরও প্রস্তুতি নিতে পারলে পরীক্ষার ফলাফল আরও ভালো হতে পারত। এ জন্য রেজাল্ট দেখে মনটা খারাপ হয়েছে। তবে এত ব্যস্ততার মধ্যেও যে ঠিকমতো পরীক্ষা দিতে পেরেছি, ৪.০৮ পেয়ে পাস করলাম, এতেই আমি খুশি।’
ফলাফল জানতে কলেজে গিয়েছিলেন? পূজা বলেন, ‘কলেজ থেকে স্যার আমাকে ফোনে জানিয়েছেন। স্যারের ফোন ধরতে ভয় করছিল। পরে তাঁর মুখে রেজাল্ট শুনলাম।’
২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রোডাকশন প্রযোজিত ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূজার। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।
