শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বেশ উত্তাল এফডিসি। প্রতিনিয়ত নতুন নতুন বিতর্কের জন্ম হচ্ছে। মূলত সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আইনি লড়াই। এসবের মাঝেই এফডিসিতে বসছে আদালত। বিচারকের সামনে জেরা করছেন মিশা সওদাগর ও শিবা শানু। কাঠগড়ায় দাঁড় করিয়ে কয়েকজনের সাক্ষ্য নিচ্ছেন মিশা।
তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। ‘এবার তোরা মানুষ হ’ ওয়েব ফিল্মের গল্পের প্রয়োজনে আইনজীবী চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর ও শিবা শানু।
মিশা সওদাগর বলেন, ‘শিল্পীরা আমরা এক পরিবার। বাদ-বিবাদ মান-অভিমান ভুলে আমরা মূলত একই। পেছনের দিকে যা ঘটেছে সেদিকে আমরা না তাকাই। সামনে এগিয়ে যেতে চাই। আর ভালো কাজের কোনো বিকল্প নেই। কাজটাই আমাদের মূল বিষয়।’
শামীম আহমেদ রনি পরিচালিত এই ওয়েব ফিল্মে মিশা-শিবা ছাড়াও জুটি বেঁধে অভিনয় করেন ইয়ামিন হক ববি-রোশান। এছাড়া জ্যাকি আলমগীর, জাদু আজাদসহ অনেকে অভিনয় করছেন।
চলতি মাসের শুরুতে নারায়ণগঞ্জে এর দৃশ্যধারণ শুরু হয়। গতকাল থেকে এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলছে শুটিং।
