বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যেই নবনির্বাচিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
এ সময় সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘পাস করার পর শপথের জন্য তাদের (মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধি) বলা হয়েছে। সে সময় তারা যে ধরনের কথা বলেছেন তাতে মনে হয় না যে তারা আমাদের সঙ্গে আসবে। কারণ তারা পাস করার পর আমাদের রেখে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছে। আমাদের এখনও কার্যকরী পরিষদের মিটিং হয়নি। মিটিং হলে বোঝা যাবে কী হচ্ছে।’
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় মিশা-জায়েদ খানের প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আজকে আমরা আসবো সেটা তারা জানে। প্রত্যাশা হচ্ছে, আমরা একটা প্যানেল নিয়ে নির্বাচন করেছি। সেই প্যানেলের সবাই যদি আসতো (জয়ী হতো) তাহলে আমার জন্য কাজ করা সুবিধা হতো। সেই জায়গা থেকে তারা যদি সাহায্য করে তাহলে কাজ করতে সুবিধা হবে।’
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এরপর সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সমিতির নির্বাচিতরা যান ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে। সেখানে দুপুর পৌনে ১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌসসহ রিয়াজ ও জেসমিন প্রমুখ।
উপস্থিত ছিলেন শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুণও। তবে জায়েদ খান প্যানেল থেকে বিজয়ী কোনও সদস্য সেখানে যাননি।
বিষয়টি নিয়ে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমরা অন্যদেরও জানিয়েছিলাম। শপথ নেওয়া হয়নি বলে হয়তো তারা আসেননি। তবে না আসার সঠিক কারণ সম্পর্কে আমি অবগত নই। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’
