তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের পুনরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয় হয়েছে।
এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের রফিকুল ইসলাম রফিক ১৮০৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রফিকুল ইসলাম রফিক ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
আগেই জানা গিয়েছিল এই একটি কেন্দ্রের ফলাফলেই নির্ধারিত হবে অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভাগ্য। ফলে তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে উৎমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল ইসলাম।
জানা যায়, স্থগিত এই কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ জন ভোটার ভোটার রয়েছে। তারমধ্যে মোট ২ হাজার ৬৭৪ ভোট কাস্ট হয়। এরমধ্যে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিকের প্রাপ্ত ভোট ২ হাজার ২০৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের শরিফুল ইসলাম (শহীদ সরকার) প্রাপ্ত ভোট ৩৯৮ ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দের প্রাপ্ত ভোট মাত্র ৬৯টি ভোট।
এদিকে একটি কেন্দ্রে নির্বাচন হওয়ায় পুরো উপজেলাবাসীর নজর ছিল আকালুর দিকে। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেছিলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।
এ সম্পর্কিত আগের সংবাদ-
ভূঞাপুরে স্থগিত কেন্দ্রেই নির্ধারণ হবে চেয়ারম্যান, ভোটারদের দীর্ঘ সারি
ভূঞাপুরে স্থগিত কেন্দ্রে চলছে পুনরায় ভোটগ্রহণ
