তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে বিশৃঙ্খলার দায়ে ভোটগ্রহণ স্থগিত করা সেই আকালু কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে।
গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলার দায়ে অলোয়া ইউনিয়নের আকালু কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রশাসনের করা নজরদারিতে পুনরায় ভোটগ্রহণ চলছে।
পুনরায় ভোট গ্রহন করায় দুর দুরান্ত থেকে ভোটাররা ছুটে আসছে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও রয়েছে র্যাব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অধিকতর। শীত অপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল উপচেপড়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে করা নজরদারিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ৩০৩২।
স্থানীয়দের দাবী, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এটাই প্রত্যাশা।
