শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথগ্রহণের পর নতুন নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে শিল্পী সমিতির কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন মিশা সওদাগর। যিনি গত দুই মেয়াদে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নবনির্বাচিত তারকাদের শপথ বাক্য পাঠ করান পরাজিত প্রার্থী মিশা সওদাগর।
এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।
এদিন শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন প্রমুখ।
তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি পরাজিত আরেক প্যানেলের বিজয়ী ২ জন সহ-সভাপতি ডিপজল ও রুবেল, আন্তর্জাতিক সম্পাদক জয় চৌধুরী। এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে জয়ী হয়েও শপথ গ্রহণ নেননি রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ।
উল্লেখ্য, গতকাল জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য পদপ্রার্থী চুন্নুর প্রার্থিতা বাতিল করে নাদির খানকে নির্বাচিত ঘোষণা করেছেন তিনি।
এবারের বিজয়ীরা হলেন ইলিয়াস কাঞ্চন (সভাপতি), নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক), মাসুম পারভেজ রুবেল ও মনোয়ার হোসেন ডিপজল (সহ-সভাপতি), সাইমন সাদিক (সহ-সাধারণ সম্পাদক), মামনুন ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক সম্পাদক), শাহনূর (সাংগঠনিক সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), আজাদ খান (কোষাধ্যক্ষ)।
কার্যনির্বাহী পরিষদে বিজয়ীরা হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, সুচরিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, অমিত হাসান, ফেরদৌস, জেসমিন, কেয়া, মৌসুমী, নাদির খান।
