ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে সারাদেশে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ চলচ্চিত্রটি দেখার আহ্বান জানিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
রোববার (০৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘প্রথমেই সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা দিবসের ভালোবাসা জানাচ্ছি। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে আপনাদের জন্য সিনেমা হলে আসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ছবিটি দেখার জন্য দর্শকদের আমি আহ্বান জানাচ্ছি।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি জানি দর্শকরা চলচ্চিত্র লালন করেন। তাই বাংলা চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি রক্ষা করতে আপনারা হলে এসে সিনেমাটি দেখুন।’
এদিকে সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হওয়া ইলিয়াস কাঞ্চনের এমন উদারতায় মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পি।
তিনি বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের যোগ্য নেতা। তিনি আমার অভিনীত ছবি দেখার জন্য সবাইকে আহ্বান করেছেন এটা আমার জন্য বড় পাওয়া। আশা করি তার নেতৃত্বে সিনেমার সুদিনে ফিরে আসবে।’
দীর্ঘ সময় পর মুক্তি পাচ্ছে বাপ্পী অভিনীত কোনো সিনেমা। তাই এ নিয়ে উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, অবশ্যই ভালো লাগছে। কারণ সিনেমাটিতে অনেক আগেই কাজ করেছিলাম। এটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। আশা করছি দর্শকের ভালো লাগবে সিনেমাটি।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর মাধ্যমেই প্রথম একসঙ্গে কাজ করেন বাপ্পী ও অপু। যদিও এর পরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’তে এই জুটি অভিনয় করেন, যা এরই মধ্যে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে মুক্তি পেয়েছে।
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
