আমার বিয়ে নিয়ে সবার এত মাথাব্যথা কেন?: নুসরাত

কলকাতার নায়িকা নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে এখন সবচেয়ে বেশি আগ্রহ দর্শকদের। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে প্রেম ও বাচ্ছার জন্ম- এসব কারণেই তার ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহ বেড়েছে সবার।

যশের সঙ্গে বিয়ের কথা স্বীকারের আগেই সন্তানের জন্ম দেন তিনি। তাই নুসরাত ও যশ কি বিয়ে করেছেন? না করে থাকলে কবে করবেন? হরহামেশাই এমন প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেত্রী। সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বিয়ে করার আর তাদের দরকার নেই।

ভারতীয় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উত্তরে অনেকেই ভাবছেন, তবে কি বিয়েটা সেরে ফেলেছেন যশ ও নুসরাত? গত বছর নুসরাত যখন মা হন, তখন তার পাশে ছিলেন যশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি দেখলে বোঝা যায়, মুখে স্বীকার না করলেও তাঁরা দুজনই সন্তানের মা-বাবার দায়িত্ব পালন করছেন। সন্তান হওয়ার আগে দুজনের প্রেমের সম্পর্কের খবর পাওয়া গিয়েছিল।

সম্প্রতি একটি গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন কলকাতার এই অভিনেত্রী। সেখানেই আবার তাদের বিয়ের প্রসঙ্গ ওঠে। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি না, সবাই আমার বিয়ে নিয়ে এত চিন্তিত কেন? আমার বিয়ে নিয়ে তাদের এত মাথাব্যথা কেন? আমাকে জিজ্ঞাসা করতেই থাকে। তারা কী ভাবেন? আমি কি সবাইকে ফোন করে বলব, শুনুন আমি বিয়ে করছি? যদি সবাই এটা ভাবেন, তাহলে ভুল ভাবছেন।’

এসব বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তও হন নুসরাত। তিনি বলেন, ‘আমি যদি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাই, সেটা আমার ইচ্ছা। যদি দুজনের বিয়ে হয়, তাহলে তা জানানোই যথেষ্ট। যদি তাঁরা ভালো থাকেন, তাহলে তো আর কিছু চাওয়ার থাকে না।’

ওই অভিনেত্রী আরও বলেন, ‘আপনি কীভাবে জানেন যে আমরা বিয়ে করিনি? আমাদের আবার বিয়ে করার দরকার নেই। কেমন লাগছে শুনতে?’

এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরেছেন।

২০২১ সালে ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এর আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তার সাবেক স্বামী নিখিল জানান, তিনি এই সন্তানের বাবা নন।

নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকার করে নুসরাত বিবৃতি দিলে চারদিকে হইচই পড়ে যায়। এরপরেই জানা যায়, এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *