Home আলোচিত ভারী বৃষ্টিপাতের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ভারী বৃষ্টিপাতের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

0
333

লঘুচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি। রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস।

পূর্বাভাস ছিল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাতের। তবে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দিনভর বৃষ্টির দেখা না মিললেও রাজধানীতে সন্ধ্যায় নেমে এলো ঝুম বৃষ্টি। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

চলতি শীত মৌসুমে মাঘে বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে। আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে এমন হচ্ছে, আগামী দুই থেকে তিনদিন পর তাপমাত্রা ফের কমতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়বে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here