বিনোদন ডেস্ক- নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে নিয়মিতই অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি হইচই প্লাটফর্মের ‘দৌড়’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি।
রায়হান খান পরিচালিত এই সিরিজটিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও মিথিলা। শুধু এই সিরিজটি নয়, বর্তমানে মোশাররফের হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ।
সেই তালিকায় থাকা সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নিলেন এই অভিনেতা। নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে গতকাল বুধবার (১২ জানুয়ারি) সিনেমাটির শুটে অংশ নিয়েছেন মোশাররফ করিম। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে।
জানা গেছে, নওগাঁর বিভিন্ন লোকেশনে ২৫ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে সিনেমাটির। তবে মোশাররফ করিমসহ অন্য অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিলেও পার্নো মিত্র যোগ দেবেন আরো ৩দিন পর।
নির্মাতা ফজলুল কবীর তুহিন জানান, কলকাতা থেকে প্রথমে ঢাকায় আসবেন পার্নো। এরপর সোজা চলে যাবেন নওগাঁয়। সেখানেই অংশ নেবেন শুটিংয়ে।
২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। পাশাপাশি প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন। কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ।
উল্লেখ্য, এর আগে পার্নো মিত্রকে বাংলাদেশের আরও একটি সিনেমায় দেখা গেছে। সেটার নাম ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের বিপরীতে। সিনেমাতি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
