৭ দিন প্রেম করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি: পরীমণি

বিনোদন ডেস্ক- ২০২১ সালটা ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনের পাতায় একটু ভিন্নভাবেই লেখা থাকবে। এ বছরটাকে যে চাইলেই ভুলতে পারবেন না এই ‘বিশ্বসুন্দরী’। বিশেষ করে আগস্ট থেকে ডিসেম্বর-এই চারটা মাস যেন সিনেমার গল্পের মতোই কেটেছে নায়িকার। তবে শেষটা হয়েছে সুন্দরে, জোড়া সুখবরে!

গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন পরীমণি। শুধু তাই নয় দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ। এবার আর সিনেমার কোনো দৃশ্য কিংবা গল্পে নয়, বাস্তবেই এই নায়িকা মা হতে যাচ্ছেন। যে খবরে এখন সরগরম দেশের শোবিজ পাড়া।

জানতে চাইলে পরীমণি বলেন, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করি। বলতে পারেন রাজের পরিবারের কয়েকজন আর আমার কাছের কয়েকজন ছাড়া তেমন কেউ ছিলো না। আর বিয়েটা করেছি রাজদের আফতাব নগরের বাসায়।

তাহলে বিয়ের খবর না জানিয়ে সরাসরি মা হওয়ার খবর জানানোর কারণ কী? পরী বলেন, দুই খবরই একসঙ্গে দিলাম। পার্টিও একসঙ্গে দেবো। তবে বিয়ের খবর জানাবো জানাবো করে জানানো হচ্ছিলো না। অবশেষে দুই খুশির খবর একসঙ্গেই সবাইকে জানিয়ে দিলাম।

মাত্র ৭ দিন প্রেমে করেই শরিফুল রাজকে বিয়ে করেন পরী। মাত্র সাত দিনের পরিচয়ে কিভাবে বিয়ে? ব্যাখ্যা করলেন পরী। তার ভাষ্য, সাতদিন প্রেম করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। আমরা তো তাও সাতদিন প্রেম করার সুযোগ পেয়েছি। অ্যারেঞ্জ মেরেজে তো ৩০ মিনিটও প্রেম করার সুযোগ থাকে না। বলতে পারেন অ্যারেঞ্জ মেরেজে যদি একবার দেখেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সাতদিন প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত তো অনেক সময়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *