আমি ঠান্ডা সহ্য করতে পারি না, খুব কষ্ট হচ্ছে: জয়া

বিনোদন ডেস্ক- নগরে শীত নেমেছে অনেক আগেই। দিনে মোটামুটি সহনীয় তাপমাত্রা থাকলেও রাতে সেটা হাড় কাপানোর পর্যায়ে পৌঁছায়। তবে ঢাকার চেয়ে ভারতের কলকাতায় শীতের তীব্রতা অনেক বেশি। আর তাই শীতে কষ্ট পাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।

সিনেমার কাজের সুবাদে জয়া বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘কালান্তর’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। হরদম শুটিংয়ের মাধ্যমে শেষ হবে এর কাজ।

জয়া জানান, প্রতিদিন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বাইরে থাকতে হয় তাকে। ৯টার মধ্যে বাসায় ঢুকে যান। কারণ কলকাতায় রাতের লকডাউন চলছে। রাতের সময়টা বাসায় থাকলেও শীতের তীব্রতা টের পাচ্ছেন ভালোভাবেই।

তার ভাষ্য, ‘ঢাকার চেয়ে এখানে প্রচণ্ড শীত। খুব কষ্ট পাচ্ছি। আমার বাসাটাও খুব ঠান্ডা। গরমে আরাম করলেও শীতে একেবারে জমে যাই। ঠান্ডা আমি সহ্যই করতে পারি না! রোজ রোজ সাত সকালে শুটিংয়ে যাওয়া, খুব কষ্ট।’

এদিকে আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের সিনেমা। তবে সিনেমাটি কলকাতার। এর নাম বিনিসুতোয়।

অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি গত বছরের আগস্ট মাসে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটি ওটিটিতে মুক্তির পোস্টার শেয়ার করেছেন এবং লিখেছেন, চেনা সম্পর্কের অজানা সত্যি! দেখুন বিনিসুতোয় ৭ই জানুয়ারি ZEE5 –এ।

সিনেমায় জয়ার সহ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। জয়ার চরিত্রের নাম শ্রাবণী আর ঋত্বিকের কাজল। তাদের দেখা হয় একটি রিয়েলিটি শো’তে অংশ নিতে গিয়ে। রিয়েলিটি শো এর নাম ‘কে পাবে ৫০ লক্ষ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *