লোকাল বাসে ঢাকায় গেলেন মতিয়া চৌধুরী!

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে লোকাল বাসে করে ঢাকা গেলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী।

নকলা ও নালিতাবাড়ী উপজেলায় দু’দিনের কম্বল বিতরণ কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলে নকলা থেকে লোকাল বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাবেক এই কৃষিমন্ত্রী।

ঢাকায় রওনা হওয়ার প্রাক্কালে মতিয়া চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি সম্মানিত বোধ করি। আমি সাধারণ মানুষের প্রতিনিধি। রাজনীতি করতে এসেছি বিলাসিতার জন্য নয়, মানুষের মঙ্গলের জন্য।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এদেশের মানুষের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে কাজ করে যাচ্ছেন। তাকে সহায়তা করা আমাদের কর্তব্য। তিনি আছেন বলেই আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি। যুদ্ধাপরাধীর সাজা হয়েছে। একসময় এদেশের অনেক মানুষ মনে করতো- বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, মানবতাবিরোধীদের সাজা হবে না। জীবনের ঝুঁকি নিয়ে, নানা-হুমকি-ধমকি অগ্রাহ্য করে অসাধ্য সাধন করেছেন আমাদের সাহসী প্রধানমন্ত্রী। জাতিকে তিনি কলঙ্কমুক্ত করেছেন। তাই বলতে দ্বিধা নেই- যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’

কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, বাগবেড়, কলসপাড় নন্নী, রাজনগর, পোড়াগাঁও, নয়াবিল ইউনিয়ন ৩ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া দুপুরে নালিতাবাড়ী পৌরসভার স্বাধীনতা মঞ্চে মেধাবী শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও গীর্জার ফাদারদের মধ্যে ৪ শত কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা গোপাল সরকার, মো. সুরুজ্জামান, ওয়াজকরুনী, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ফারুক আহমেদ বকুল, আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *