মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে ছয় জেলা, শীত বাড়বে সারাদেশে

নজর২৪, ঢাকা- সারা দেশের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতেও শীত বাড়তে শুরু করেছে। আর দেশের উত্তর–পশ্চিমাঞ্চলের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশাও বাড়ছে। অনেক এলাকায় ঘন কুয়াশা দুপুর পর্যন্ত গড়াচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ আর কুয়াশা থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আগামী দুই–তিন দিন উত্তর–পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকবে। তারপর কিছুটা মেঘ এসে শীতের দাপট কমতে পারে। তার আগে দেশের বেশিরভাগ এলাকায় চলমান শীতের অনুভূতি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার ভোর থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এসব এলাকায় আজও একই মাত্রায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৯ দশমিক ৫, ঈশ্বরদীতে ১০, বদলগাছীতে ১০, রাজারহাটে ৯ দশমিক ৭, চুয়াডাঙ্গায় ১০ ও যশোরে ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *