নজর২৪ ডেস্ক- দুই বিঘা জমি ইজারা নিয়ে তাতে পেঁপে চাষ করেছিলেন চপল মোল্লা। আশা করেছিলেন, পেঁপে চাষ করে আগামী তিন বছরে তিনি ১৫ লক্ষাধিক টাকা আয় করবেন। কিন্তু তার সব স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। দুর্বৃত্তরা তার জমি থেকে ধরন্ত ৩৯০টি পেঁপে গাছ কেটে ফেলেছে।
সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক চপল মোল্লা বলেন, গত বছর বাবলু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘা জমি ইজারা নিয়ে ১ হাজার ৮০০টি পেঁপের চারা রোপন করেছিলাম। সেখানে এ বছরই প্রথম পেঁপে ধরেছে। জমির ইজারামূল্যসহ ২ বিঘা জমিতে পেঁপে চাষে এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছি।
চলতি বছরসহ আগামী ৩ বছরে এই ক্ষেত থেকে ১৫ লাখ টাকার অধিক পেঁপে বিক্রির আশা করছিলাম। কিন্তু দুর্বৃত্তরা ৩৯০টি পেঁপে গাছ কেটে দেওয়ায় গড়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হলো। পাশাপাশি বাকি গাছগুলোর নিরাপত্তা নিয়ে আমি এখন চিন্তিত।
চপল মোল্যা আরও জানান, কারা তার সঙ্গে এ রকম শত্রুতা করলো সেটি তিনি বুঝতে পারছেন না। তবে জমি ইজারার বিষয় নিয়ে স্থানীয় দুই একজনের সঙ্গে তার কিছুটা বিরোধ হয়েছিল। তিনি এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, স্থানীয় বিট পুলিশকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
