নজর২৪, ঢাকা- নির্বাচন কমিশন গঠনের আলোচনায় না যাওয়ার কথা এতদিন বলে এলেও সেই সংলাপ শুরুর পর ভিন্ন কথা এল বিএনপির পক্ষ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পেলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানীতে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি বলেন, “আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত সেভাবে এখনো নেইনি।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে। এর মধ্যেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন।
গতকাল সোমবার প্রথম দিন সংলাপ হয়েছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে। এর মধ্যেই আরও ৫টি রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
