বিনোদন ডেস্ক- দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেক নায়িকা তারকাখ্যাতি পেয়েছেন। নবাগত নায়িকারা এ কারণে শাকিবের বিপরীতে অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন।
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তিনি তারকাখ্যাতি পেয়ে যান। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি।
শাকিব খান-অপু বিশ্বাস জুটির পর এই জুটি পর্দায় নিয়মিত হয়ে ওঠে। এক পর্যায়ে দুজনের প্রেম ও বিয়ের গুঞ্জনও শোনা যায়। এরমধ্যে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের পর থেকে শাকিবের সঙ্গে তার দূরত্ব দৃশ্যমান। একসঙ্গে তাদেরকে সেভাবে দেখা যায়নি আর। মাঝে একটি সিনেমায় কাজ করলেও মেনে চলেছেন পেশাদারিত্ব।
অনেক দিন পর আবারও শাকিব-বুবলীকে একই স্থানে দেখা গেল। তবে সেটা দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে। কিছুদিন আগে তারা দু’জনেই মার্কিন মুলুকে গেছেন। যদিও সেই যাত্রা ছিল একটি অনুষ্ঠানে অংশ নেওয়া। তবে সেই অনুষ্ঠান শেষে শাকিব এখনো যুক্তরাষ্ট্রেই রয়েছেন। অন্যদিকে বুবলী ফিরে এসেছেন দেশে।
সোমবার (২০ ডিসেম্বর) বুবলী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নিউইয়র্কের হিল্টন গার্ডেন ইন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফিরে দেখা যুক্তরাষ্ট্র, অনেক স্মৃতির দেশ।’
এদিকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খানের একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, হুডি ও ট্রাউজার পরে রয়েছেন তিনি। তার কাঁধে কালো ব্যাগ, চোখে সানগ্লাস। তবে ছবিতে তিনি নয়, সবার নজর পড়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা ভবনটি। কেননা যে ভবনের সামনে শাকিব দাঁড়িয়ে রয়েছেন, বুবলীর ছবিগুলোর সঙ্গে তা হুবহু মিলে যায়। অর্থাৎ শাকিবও হিল্টন গার্ডেনের সামনেই ক্যামেরাবন্দি হয়েছেন।
এরপরই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রে গিয়ে কি একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী? তবে কি তাদের মধ্যে দূরত্ব ঘুচে গেছে? পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও কি কাছাকাছি রয়েছেন এ জুটি? এসব প্রশ্নের উত্তর থাকছে ধোঁয়াশায়।
কেননা, যুক্তরাষ্ট্রে তারা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য গেছেন। দেশের আরও অনেক তারকাই আয়োজনটিতে সামিল হয়েছেন। হতে পারে, সেই অনুষ্ঠান কর্তৃপক্ষই অতিথিদের জন্য হোটেলটি বুক করেছিল।
